প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
আজ শুক্রবার সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন ‘ব্যালেন্স এক্সপ্রেস’ চলবে

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ ২০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয় ও নিয়মিত কিছু ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে আজ শুক্রবার সিলেট-ঢাকা রুটে ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার রাতে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস সময়মতো ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকে। এই পরিস্থিতিতে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে এবং আটকে পড়া মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে বিশেষ এই ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, বিশেষ এই ট্রেনটি ঢাকা পৌঁছানো পর্যন্ত পথে চারটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। সময়সূচী অনুযায়ী, ট্রেনটি সকাল ৯টা ২৭ মিনিটে কুলাউড়া, ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল এবং ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছাবে। এরপর দুপুর ১টা ৩৩ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশন হয়ে দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি চূড়ান্ত গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
উল্লেখ্য,গতকাল বুধবার রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৫ টি বগি মাধবপুরের মনতলা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে রেললাইন মেরামতের পর যোগাযোগ স্বাভাবিক হলেও যাত্রীদের ভোগান্তি কমাতে এই বিশেষ ট্রেনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.