অনলাইন ডেস্ক
ময়মনসিংহ-৬ আসনে আওয়ামী লীগের ছয় বারের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (২রা মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ছেলে ইমদাদুল হক সেলিম।
মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হয়ে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বজনরা জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, “ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর বাবার জানাজা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, বেলা ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকাল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান সেলিম।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.