তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ের কারণে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২রা মে) সন্ধ্যা ৬টার দিকে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ‘গাড়িভাঙা’ এলাকা সহ সড়কের একাধিক স্থানে বিশালাকৃতির পুরোনো গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে সড়কের উভয় পার্শ্বে দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পড়ে। বনের ভেতরে দীর্ঘ সময় আটকে থাকায় শত শত যাত্রী ও পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
সড়ক বন্ধ হওয়ার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে বড় বড় গাছগুলো কেটে সরিয়ে নিতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর গাছগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে বিকেলের শেষভাগে যান চলাচল শুরুর পরিবেশ তৈরিতে সফল হন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুপুরে আকস্মিক ঝড়ে একাধিক স্থানে বড় বড় গাছ রাস্তার উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিরলস প্রচেষ্টায় গাছ অপসারণের কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এই আঞ্চলিক সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বর্তমানে লাউয়াছড়া রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঝড়ের পর সড়কে ডালপালা বা পিচ্ছিল অবস্থা থাকতে পারে। পরিস্থিতি বিবেচনা করে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.