সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ সমরজিৎ সিংহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রম এবং বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। এসময় তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে যাতে সাধারণ মানুষ দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পায়।
সভায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মুশফীকিন নুর সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও গতিশীল হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.