অনলাইন ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তরপত্র না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওইদিন কেন্দ্রে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী দুই শিক্ষার্থীর কাছে উত্তরপত্র দেখতে চাইলেও তারা তাতে রাজি হয়নি।
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। আহত দুই শিক্ষার্থীকে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর আহত শিক্ষার্থীদের একজনের বাবা জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে করেরহাট এলাকার বিভিন্ন স্থান থেকে চার পরীক্ষার্থীকে আটক করে। সোমবার (১৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব এনামুল হক জানান, পরীক্ষা শেষে কলেজের বাইরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, “উত্তরপত্র না দেখানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
সুএ: bangla.dhakatribune
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.