অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ছয় নবজাতকের ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’কে কেন্দ্র করে বিভিন্ন সরকারি সংস্থার তদন্ত ও পরিদর্শন চলাকালে ৩০ মে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটিতে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের কলেজ ভবনের অষ্টম তলায় একটি বেকারি কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানা থেকে নির্গত গ্যাস নবজাতকদের কোনো ক্ষতির কারণ হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন ও বেকারি কারখানা পাওয়ার তথ্য জানার পর সন্ধ্যার দিকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হাসপাতালে যান। তবে মন্ত্রী চলে যাওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ সব প্রবেশপথ বন্ধ করে দেয়। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তাদের উপস্থিতিতেই হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা সাংবাদিকদের ওপর আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় এবং কয়েকজনকে মারধর করা হয়। এতে টাইমস অব বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী জাহিদ, দীপ্ত টিভির একজন ক্যামেরাপারসনসহ তিনজন আহত হন। এছাড়া বৈশাখী টিভির একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগও ওঠে।
পরে শনিবার (৩০ মে) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতাল জানায়, নবজাতকদের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা হাসপাতালটি পরিদর্শন করেছে এবং সরকার এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ধারাবাহিক পরিদর্শন ও বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতির কারণে হাসপাতালের সেবাদানকারী কর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এর ফলে ভর্তি রোগী এবং সেবা নিতে আসা মানুষদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রী চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় কর্তৃপক্ষ তাদের প্রবেশে নিরুৎসাহিত করার চেষ্টা করে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথাবার্তার এক পর্যায়ে একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করেন। এতে সংশ্লিষ্ট কর্মীরা নিজেদের অপমানিত মনে করেন এবং উত্তেজিত হয়ে সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। সে সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং কর্মীদের শান্ত করার চেষ্টা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আদ্-দ্বীন হাসপাতাল জানিয়েছে, তারা সব সময় গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে এসেছে। তারপরও ৩০ মে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে যদি কোনো গণমাধ্যমকর্মী কষ্ট পেয়ে থাকেন, তবে তারা বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.