প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
জলঢাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোগীর পরিবার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানা যায়, উপজেলার দক্ষিণ কাজিরহাট হাজিপাড়া এলাকার মো. মোতালেব হোসেনের স্ত্রী মোছা. রোকেয়া বেগম, গত ৩১ মে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণের পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে তার রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ (O-)’ উল্লেখ করা হয়।
পরবর্তীতে ১লা জুন উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুরে নেওয়া হলে সেখানে পুনরায় রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তার রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ (A-)’ পাওয়া যায়। একই ব্যক্তির রক্তের গ্রুপ দুই প্রতিষ্ঠানে ভিন্ন ফলাফল আসায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
এ বিষয়ে রোগীর স্বামী মো. মোতালেব হোসেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট মো. মামুনুর রশিদের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়।ভুক্তভোগী পরিবারের দাবি, রক্তের গ্রুপ নির্ধারণে এ ধরনের ভুল রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্ত বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
নীলফামারী সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.