প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, আহত ১ জন

স্বপনকুমার সিং, নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ-শায়েস্থাগঞ্জ সড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ধানক্ষেতে পড়ে গেছে।
বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে নতুন ব্রিজ-টু-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের এক হেলপার আহত হলেও কোনো যাত্রীর গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী জনতা মোটরস (জেএম) পরিবহনের একটি লোকাল বাস কলিমনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশে ধানক্ষেতে পড়ে যায়। তবে দুটি সিএনজি অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যাত্রীরা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন।
এ ঘটনায় বাসের হেলপার ইব্রাহিম (৩০) আহত হন। তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি পূর্ব চরহামোয়া নদীর পাড় এলাকায়।
ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, “দুর্ঘটনায় একজন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।”
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালামও বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি শায়েস্তাগঞ্জ থানা এলাকার মধ্যে ঘটেছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে শায়েস্তাগঞ্জ থানার কর্মকর্তা মো. কাওছার আহমেদকে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর হবিগঞ্জ জেলা পুলিশের রেকার দিয়ে বাসটি উদ্ধার করা হয়। পরে বাস মালিক সমিতি শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে বাসটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলাকালে সাময়িকভাবে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়কে প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাঁরা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.