প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
নীলফামারীতে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনধিঃ
নীলফামারীর জলঢাকা পৌর শহরের পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী একই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
জানাযায়, বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন'র (রেজিঃ নং- রাজ-৩৪৪৬) জলঢাকা শাখার অফিস উদ্বোধনকে কেন্দ্র করে, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন'র (রেজিঃ নং - রাজ- ২২০) পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশে বলা হয়, ১৪৪ ধারা বলবৎ থাকাকালে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিলসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ নির্দেশনা সকলকে মেনা চলার আহবান জানানো হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.