অনলাইন ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৩ হাজার ১২৯ পরীক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ১০, রাজশাহী বোর্ডে তিন, কুমিল্লা বোর্ডে আট, যশোর বোর্ডে তিন, সিলেট বোর্ডে একজন, বরিশাল বোর্ডে চার, দিনাজপুর বোর্ডে সাত এবং ময়মনসিংহ বোর্ডে সাতজন রয়েছে।
এই পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৭৮ হাজার ১৮১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ১৫২ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে তিন পরীক্ষার্থী বহিষ্কৃত এবং ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত ছিল।
সব মিলিয়ে তৃতীয় দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী বহিষ্কৃত এবং ৩৩ হাজার ১২৯ জন অনুপস্থিত ছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.