প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে ৫ যুবকের কারাদণ্ড

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ যুবককে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জুলাই) উপজেলার পুটিবিলা নালারকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদ বিন আকন্দ। তিনি মাদকাসক্তের দায়ে আটককৃত ৫ যুবকের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, রকিবুল হাসান (২৯), পিতা: মফিজুর রহমান (পুটিবিলা)। মো: তারেক হোসেন (৩৫), পিতা: শাহ আলম (নালারকুল ২নং ওয়ার্ড, পুটিবিলা)। মোঃ ওমর শরীফ রানা (৩৫), পিতা: মৃত সিদ্দিক আহমেদ (শাহপীর পাড়া, ৭নং ওয়ার্ড, আমিরাবাদ)। মো: এনামুল হক (২৮), পিতা: মোস্তাফিজুর রহমান (সুন্নিয়াপাড়া, ৮নং ওয়ার্ড, পূর্ব সুখছড়ি, আমিরাবাদ)। মোঃ মুনতাসির (৩০), পিতা: মৃত রকিবুল (৯নং ওয়ার্ড, দক্ষিণ সুখছড়ি)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটিবিলা নালারকূল এলাকায় মাদকসেবনের খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় ওই ৫ যুবককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারা মোতাবেক তাদের এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ বিন আকন্দ জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনস্বার্থে লোহাগড়া উপজেলা প্রশাসনের এই মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.