প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
লোহাগাড়ায় ফায়ার সার্ভিসের অনন্য দৃষ্টান্ত

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। চারদিকে থৈ থৈ পানি, ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। পানিবন্দি এসব পরিবারের কষ্টের যেন কোনো সীমা নেই। এমন চরম দুর্দশা ও দুর্যোগের মাঝেই মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় বন্যার পানিতে আটকে পড়া এক গর্ভবতী নারীকে কাঁধে করে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তারা।
জানা যায়, ওই এলাকায় একজন গর্ভবতী নারী বন্যার পানিতে নিজ বাড়িতে আটকা পড়ে চরম বিপাকে পড়েন। খবর পেয়ে লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা মিনহাজ উদ্ধারকাজে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। তিনি তাৎক্ষণিকভাবে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের অকুতোভয় সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ওই গর্ভবতী নারীকে পরম যত্নে কাঁধে তুলে বন্যার পানি পার করে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
এই সাহসিকতা ও মানবিক কাজের বিষয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, "লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা মিনহাজ আমাদের কাছে পানিবন্দি ওই গর্ভবতী নারীর খবরটি পৌঁছে দেন। খবর পেয়ে আমরা কালক্ষেপণ করিনি। আমাদের সদস্যরা তাৎক্ষণিকভাবে বন্যাকবলিত স্থান থেকে ওই নারীকে উদ্ধার করে সুস্থ ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে সক্ষম হয়।"
দুর্যোগের এই কঠিন সময়ে ফায়ার সার্ভিসের এমন সাহসী ও মানবিক ভূমিকা জনমনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, বিপদের সময় ফায়ার সার্ভিসের এই মানবিক সেবাই সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসা। দুর্যোগ মোকাবিলায় এমন অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাহসী সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.