চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন 'লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন'-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্লাবিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও মানবিক উপহার বিতরণ করা হয়েছে।
রোববার ( ১২ জুলাই) বিকেল ৩টায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশন সংলগ্ন ১১টি সড়কের আশপাশে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত, অসহায়, দরিদ্র ও দিনমজুর ২০০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যাদুর্গতদের তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা করে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি মুড়ি, কেক ও বিস্কুটের মতো শুকনো খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও হাশেম পার্কের স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এম আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এম এ আজিজ। মানবিক এই কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও ইলিয়াস ভবনের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ও আব্বাস টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন, অর্থ সম্পাদক ও জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবুল কাসেম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেন ফোরকান টাওয়ারের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মুনির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক শামসুল আলম, রহমানিয়া টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন্যা কবলিত অসহায় মানুষের কষ্ট লাঘবে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এটি তাদের সামাজিক ও নৈতিক দায়িত্বের একটি অংশ উল্লেখ করে তারা সমাজের সামর্থ্যবান সবাইকে এই দুর্যোগ মুহূর্তে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হওয়ার পর লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে এমন জরুরি খাদ্য সহায়তা পেয়ে স্থানীয় অসহায় ও দিনমজুর পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।