প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ

স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে অবস্থিত শ্রীশ্রী শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দধামে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো তীর্থধাম এলাকা। নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী হাজারো ভক্ত নতুন পোশাকে সজ্জিত হয়ে রথযাত্রায় অংশ নেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে পূজা-অর্চনা, কীর্তন, ভজন, আরতি ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক, করতাল, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা রথের রশি টেনে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। শোভাযাত্রাটি তীর্থধাম প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, জগন্নাথদেবকে বিশ্বনাথ ও জগতের ঈশ্বর হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে থাকেন। রথযাত্রা উৎসবের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভের প্রত্যাশায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তীর্থধামে মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য বিশেষ সেবার ব্যবস্থাও করা হয়।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রথযাত্রা মহোৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শ্রীশ্রী শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দধামের অধ্যক্ষ শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার কল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা বহন করে। ভগবান জগন্নাথদেব সকলের মঙ্গল কামনায় রথে আরোহণ করে ভক্তদের মাঝে আসেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রতিবছরের মতো এবারও এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত।”
আরও তিনি বলেন, “রথের রশি টানার মধ্য দিয়ে ভক্তরা ভগবানের আশীর্বাদ লাভের আশা করেন। এই উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও পূজা-অর্চনার আয়োজন করা হয়।
এদিকে হবিগঞ্জ জেলা সদরের ইসকন পরিচালিত শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে হাজার হাজার ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ ও রথযাত্রার পথ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে মহোৎসব অনুষ্ঠিত হয়।শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির (ইসকন), হবিগঞ্জ জানান, শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দিরের উদ্যোগে ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত নয়দিনব্যাপী রথযাত্রা মহোৎসব নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মহোৎসবে প্রতিদিন মঙ্গল আরতি, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা,বৈদিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, অগ্নিহোত্র যজ্ঞ , মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক সঙ্গীত ও বর্ণাঢ্য রথযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। তিনি মহোৎসবের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও বাহুবল উপজেলার জয়পুর শচী অঙ্গন ধাম, রথযাত্রা উদযাপন কমিটি শ্রী শ্রী দত্তপাড়া সার্বজনীনকালিবাড়ী মন্দির, চকইদর আখড়া, দারাগাঁও চা বাগান, রশিদপুর চা বাগান চুনারুঘাট ও নবীগঞ্জের বিভিন্ন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মৌলভীবাজার জেলা সদরের ইসকন মন্দির, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ ইসকন মন্দির, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া, কুলাউড়া, কমলগঞ্জের ভানুগাছ এলাকায় শ্রীশ্রী,জগন্নাথ জিউ মন্দির শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইসকন মন্দির, পাত্রকলা চা বাগান মন্দির ও রাজনগরের বিভিন্ন মন্দির ও আশ্রমে ভক্তদের অংশগ্রহণে রথযাত্রা ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে এসব এলাকায় দিনব্যাপী কীর্তন, ভজন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়।