প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে: সিসিক প্রশাসক কাইয়ুম

উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানুষের প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করছি। এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক—সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ করছেন। তবে কিছু অসচেতন মানুষ পুনরায় ড্রেন ও ছড়ায় আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল আচরণ ছাড়া সুন্দর নগর গড়ে তোলা সম্ভব নয়।”
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহযোগিতায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন।
প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং খোজারখলা সমাজকল্যাণ সংঘের সভাপতি রুহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পরে তিনি দক্ষিণ সুরমার ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ৪০ নম্বর ওয়ার্ডের পালপুর এলাকা পরিদর্শন করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.