প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
"মাদকমুক্ত দেশ চাই, সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পদুয়া সেভেন স্টার চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, "মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।" তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে থানা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। তবে কেবল আইন প্রয়োগ নয়, মাদকের কুফল সম্পর্কে ব্যাপক সামাজিক জনসচেতনতা গড়ে তোলাও জরুরি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা লোহাগাড়াকে পুরোপুরি মাদকমুক্ত করতে সার্বিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. নুর উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সাঈদ চৌধুরী টিটু, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসেম, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এস এম জাকারিয়া, মোহাম্মদ হোসেন, নাছির উদ্দীন ও জিয়াউল হক জিয়াসহ অনেকে।
সমাবেশের সমাপ্তিতে বক্তারা একটি সুস্থ ও সুন্দর আগামী গড়তে মাদকের বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.