প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এনআইডি কার্ডের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.