রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ পূজা-পূর্ববর্তী, পূজাকালীন এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে করণীয় ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

পূজামণ্ডপ, প্রতিমা নির্মাণ ও সংরক্ষণস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং যাচাই-বাছাইপূর্বক স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের পরিচয়পত্র ও দৃশ্যমান আর্মব্যান্ড প্রদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া পূজামণ্ডপ বা পূজা কমিটিকে কেন্দ্র করে কোনো বিরোধ, গ্রুপিং বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তা আগেই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

পূজাকালীন সময়ে মাদক, ইভটিজিং, ছিনতাই, জুয়া, হাউজি, আতশবাজি ও পটকা ফুটানো নিয়ন্ত্রণ, পূজামণ্ডপে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করা এবং মসজিদসংলগ্ন পূজামণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে গভীর রাতে উচ্চস্বরে ডিজে বা শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়। 
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় কটুক্তি, উসকানিমূলক মন্তব্য, ছবি বা ভিডিও এবং ফেইক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করতে এবং নিজেরা আইন হাতে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; জেলা বিশেষ শাখার ডিআইও-১; টিআই (প্রশাসন) কামরুল হাসান; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ; এসআরবি, ৪৬, ৫২ ও ৫৫ বিজিবির প্রতিনিধি; জেলা আনসার-ভিডিপির প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.