আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
Manual1 Ad Code
আলোচনায় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
Manual2 Ad Code
সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উৎসব চলাকালে গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।