অনলাইন ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলটি সরাসরি কেউ দেখেনি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট-পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম।’
ভিডিওতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়।
ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সকালে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বাস্তবে কেউ মিছিলটি দেখেনি। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও বলেন, উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ বলছেন, ভোর সাড়ে ৫টার দিকে মিছিল হয়েছে, আবার কারও দাবি সকাল ৬টার দিকে। তবে কেউ সরাসরি মিছিলটি দেখেছেন বলে জানা যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.