অনলাইন ডেস্ক
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার এএসআই (নি.) উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজারস্থ ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি। তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সুএঃ ঢাকা পোস্ট
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.