প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ২:০৩ এ.এম
বড়লেখার ১৮ চা বাগানে ২৮ নভেম্বর নির্বাচন, ভোট দেবেন ৪ হাজার শ্রমিক, নির্বাচন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা

স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানে আগামী ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্চায়েত, ভ্যালি কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচনে এসব বাগানের প্রায় চার হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে বড়লেখায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, চা বাগানের ব্যবস্থাপক এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনের সমন্বয়ক ও বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপপরিচালক মো. খোরশেদ আলম। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর চা শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচনের এ আয়োজনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পাশাপাশি প্রত্যেক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বক্তব্য দেন।
এ সময় অহিদাবাদ চা বাগানের ব্যবস্থাপক আলী আসকর, রহমানীয় চা বাগানের ব্যবস্থাপক রফিকুল আলম, সাবাজপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ব্যবস্থাপক এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান এবং কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.