অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সেটি খুলে দেয়। সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
পরে মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে সমাধিসৌধের তিনটি ফটক খুলে দেওয়া হয়। এরপর নেতাকর্মীরা শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথে তারা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাদের সংগ্রাম চলবে। তাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তারা।
শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা সবাই একত্র হয়ে দলীয় কার্যালয় খুলেছেন, যাতে নেতাকর্মীরা সেখানে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।
পল্লব আরও বলেন, ‘এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।’
এ বিষয়ে জানতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.