প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:০৮ এ.এম
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

স্বপন কুমার সিং , নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় একাডেমিক ভবন-১-এর সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
প্রতিবাদ সমাবেশে উপাচার্য বলেন, অতীতে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না এবং গণতান্ত্রিক অধিকার ছিল অত্যন্ত সংকটাপন্ন। তবে বর্তমান সরকার মানুষের কথা বলার স্বাধীনতা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, পতিত সরকার সাধারণ মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারকে যেকোনো ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘটে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.