প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:১৭ এ.এম
নাগরপুর উপজেলা জামায়াতের কমিটি গঠন: আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে সহকারী অধ্যাপক আব্দুস সালাম এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মোসলেম উদ্দিন মনোনীত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াত কার্যালয়ে আমীর নির্বাচন উপলক্ষে বিশেষ রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও প্রধান নির্বাচন পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ওবাইদুর রহমান কুরাইশী এবং এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ।
নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলামকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথবাক্য পাঠ করান টাঙ্গাইল জেলা জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মো. শহিদুল ইসলাম। এ সময় সম্মানিত অতিথিবৃন্দ ও উপজেলার সকল রুকন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসে শূরা সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের পাঁচজন মজলিসে শূরা সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যবৃন্দ, উপজেলা নায়েবে আমীর ও সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমীর হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম।
নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম সংগঠনের দায়িত্ব পালনে সকল রুকন ও দায়িত্বশীলের সহযোগিতা কামনা করেন। তিনি ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.