অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় দাঁড়িয়ে থাকা একটি বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর কয়েক ঘণ্টা পর ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় একটি ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।
পুলিশ জানায়, রাতে একটি অটোরিকশায় করে কয়েকজন সাইনবোর্ড এলাকায় আসেন। পরে তারা পার্কিংয়ে রাখা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে বাসটিতে আগুন ধরে যায়।
বাসটির মালিক রাসেল বলেন, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। রাতে কর্মীরা বাসটি নির্ধারিত জায়গায় রেখে বাড়ি চলে যান। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুইজন ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকটি রেখে ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সাইনবোর্ড এলাকায় বাসের আগুন নেভাতে দুটি ইউনিট কাজ করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, ট্রাকের আগুন নেভাতে দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.