বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচন আগামীকাল শনিবার (২৮ নভেম্বর)। রাত পোহালেই দেশের ২৩১টি চা-বাগানে একযোগে শুরু হবে ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও ভোটকেন্দ্র প্রস্তুত, কোথাও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি প্রার্থীদের পক্ষে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণাও চালানো হচ্ছে।
তবে ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও অনেক চা শ্রমিকের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন প্রার্থী এখনো তাঁদের বাগানে আসেননি। ভোটের আগে যাঁরা শ্রমিকদের কাছে পৌঁছাতে পারেননি, নির্বাচিত হলে তাঁরা শ্রমিকদের অধিকার ও দাবি-দাওয়া নিয়ে কতটা কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
কমলগঞ্জে ভোটকেন্দ্র প্রস্তুত, প্রশাসনের অবস্থান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নূরজাহান চা-বাগানে আজ সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা অমলেন্দু দাশ জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের সহযোগিতায় কেন্দ্রটি প্রস্তুত রাখা হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩০৩ জন।
কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন দেবনাথ ও মো. আবুল কাশেম চা-বাগানে অবস্থান করছেন।
নূরজাহান চা-বাগানের ব্যবস্থাপক সৈয়দ মো. শাহরিয়ার জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাগানের অফিস কার্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসনের দুই সদস্যকে নিয়ে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে দেখা যায়।
[video width="848" height="478" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2026/11/1000117927.mp4"][/video]
এদিকে মাধবপুর ও পদ্মছড়া চা-বাগানের ভোটকেন্দ্রও সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এসব বাগানে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি প্রার্থীদের পক্ষে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে।
শ্রমিকদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ থাকলেও পদ্মছড়া চা-বাগানের কয়েকজন বয়োজ্যেষ্ঠ শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁদের মধ্যে ভোট ও প্রার্থী সম্পর্কে আলোচনায় তেমন আগ্রহ দেখা যায়নি।
প্রচারণায় এগিয়ে থাকার দাবি দুই সভাপতি প্রার্থীর
কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ জানান, তিনি সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ৯৮ শতাংশ ভোটারের কাছে পৌঁছাতে পেরেছেন। বিভিন্ন চা-বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছেন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, তিনি সরাসরি প্রায় ৯০ শতাংশ ভোটারের কাছে পৌঁছেছেন । তবে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন। বিশেষ করে বড়লেখার আল্লাদাদ, পাল্লাথল, কুমারশাইল ও শাহবাজপুরসহ কয়েকটি চা-বাগানের ভোটারদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন নিবার্চিত হলে শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবেন।
প্রার্থীদের দেখা না পাওয়ার অভিযোগ শ্রমিকদের
মুরইছড়া চা-বাগানের চা শ্রমিক কৌশল্যা উড়াং বলেন, তাঁর বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে আসতে দেখেননি।
তিনি বলেন, একজন ভোটার হিসেবে প্রার্থীদের সরাসরি দেখে তাঁদের কথা শুনে ভোট দিতে পারলে ভালো হতো। কিন্তু করার কিছু নেই। বিভিন্ন প্রার্থীর পক্ষে অন্য লোকজন এসে প্রচার চালাচ্ছেন, অথচ মূল প্রার্থীরাই আসছেন না।
নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ বলেন, এখন পর্যন্ত তিনি বেশির ভাগ চা-বাগানে প্রচারণা চালিয়েছেন। আরও কিছু বাগানে যাওয়া বাকি রয়েছে। প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে নেতাদের জবাবদিহি থাকা জরুরি। নেতা যিনিই হোন না কেন, তাঁকে জনগণের কাছে যেতে হবে। এতে জবাবদিহি তৈরি হয়। তবে প্রচারণার জন্য সময় খুবই কম হওয়ায় সব বাগানে পৌঁছানো কঠিন হচ্ছে।
পঙ্কজ কন্দ বলেন, আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য হলেও প্রতিটি বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, অন্তত এক মাস সময় দেওয়া প্রয়োজন। কারণ, প্রতিটি চা-বাগানে শ্রমিকদের নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে। অল্প সময়ে সব বাগানে পৌঁছানো কঠিন।
রাজু গোয়ালা জানান, ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ বাগানে প্রচারণা চালিয়েছেন। তাঁর প্রচারণার মূল লক্ষ্য শ্রমিকদের কাছে নিজের পরিচয় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেন না, এমনকি তাঁদের নামও জানেন না। তাই ভোটারদের কাছে পৌঁছানোর আগে প্রার্থীদের পরিচিতি তৈরি করা জরুরি।
নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণায় পরিকল্পনার অভাব
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, এত বড় পরিসরে সারা দেশের চা-বাগানগুলোতে প্রচারণা চালানো শ্রমিক প্রতিনিধিদের জন্য কঠিন। বিশেষ করে যাঁরা প্রকৃত শ্রমিক এবং শ্রমিকদের মধ্য থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁদের পক্ষে সীমিত মজুরি দিয়ে বিভিন্ন বাগানে গিয়ে প্রচারণা চালানো ও ভোটারদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব।
সঞ্জয় দাস বলেন, এ ক্ষেত্রে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগে থেকেই একটি পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল। কীভাবে প্রার্থীরা প্রচারণা চালাবেন, কীভাবে প্রতীকভিত্তিক প্রচারণার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, সেসব বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার ছিল। এতে শ্রমিকেরা প্রার্থীদের সম্পর্কে জানতে পারতেন এবং নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেতেন।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় ও পরিকল্পনা থাকা জরুরি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি ও প্রচারণার সুযোগ থাকলে শ্রমিকেরা তাঁদের প্রকৃত প্রতিনিধিদের চিনতে পারতেন। প্রায় আট বছর পর হঠাৎ করে নির্বাচনের আয়োজন করায় শ্রমিকদের সেই সুযোগ সীমিত হয়েছে। তাঁর মতে, মজুরি আন্দোলনকে আড়াল করার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
[video width="848" height="478" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2026/11/1000117928.mp4"][/video]
ইউনিয়নের কাঠামো ও জবাবদিহি নিয়ে প্রশ্ন
এদিকে চা শ্রমিক ইউনিয়নের কাঠামো ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন চা শ্রমিক বিশেষজ্ঞ এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন।
ভারত ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ওই দেশগুলোতে চা শ্রমিকদের একাধিক ইউনিয়ন রয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কায় ৭০টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে চারটি শক্তিশালী ইউনিয়ন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপস করে না।
ফিলিপ গাইন বলেন, বাংলাদেশে একটি বিশাল ইউনিয়ন পরিচালনা করা কঠিন। ইউনিয়নগুলোকে কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে ইউনিয়নের জবাবদিহি বাড়বে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে। এত বড় একটি ইউনিয়নের মাধ্যমে সব শ্রমিকের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা কঠিন হওয়ায় অনেক শ্রমিক বঞ্চিত হন।
শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কাঠামো ও নির্বাচনব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ইউনিয়ন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয়করণের প্রবণতা, নির্বাচন নিয়মিত না হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতার বিষয়গুলো উঠে আসে।
তপন দত্ত বলেন, ইউনিয়ন গঠনের ক্ষেত্রে জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠন করার সুযোগের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পরিচালনার যে ব্যবস্থা রাখা হয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। অতীতে বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোও এ ব্যবস্থার সমালোচনা করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারাও তা পরিবর্তন করেনি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়নের নির্বাচন নিয়মিত হওয়া এবং অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তপন দত্ত।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ইউনিয়নকে আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৬৯ নম্বর কনভেনশনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, শনিবারের নির্বাচনকে ঘিরে চা-বাগানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের অংশগ্রহণ এবং প্রার্থীদের প্রচারণার পাশাপাশি নির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও দীর্ঘদিনের সমস্যার সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখবে, এখন সেটিই শ্রমিকদের বড় প্রত্যাশা।