আজ , ,

রাজনৈতিক অস্থিরতা; গোপালগঞ্জে বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

editor
প্রকাশিত November 22, 2026, 05:02 PM
রাজনৈতিক অস্থিরতা; গোপালগঞ্জে বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত ছয় দিনে এসব দলের ১৬ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Manual8 Ad Code

গত ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তাদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, তারা না জেনেই দলীয় পদ পেয়েছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পদত্যাগের ঘোষণা দেয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৪ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন। এদিকে, রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তার পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ ছাড়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণেও তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে জানান।

Manual1 Ad Code

এর আগে গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। এরপর গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

এ ছাড়া, গত কয়েক দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান ও টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেয়ার ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

Manual1 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোন পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোন ক্ষতি হবে না।

Manual6 Ad Code

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মোবাইল ফোনে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।