পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে সমানতালে খেলে গেল ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল একাই টানলেন দলকে। কিন্তু ভারতের দেওয়া টার্গেটটা আর টপকানো সম্ভব হয়নি। ফলে ৭ রানে জিতে যায় ভারত। সেইসঙ্গে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বিশ্বকাপের আয়োজকরা।
Manual7 Ad Code
বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ইংল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়।
ভারতের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে দ্রুত আউট হয়ে গেলে শুরুতেই ধাক্কা খায় দল। তবে এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ।
দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৭ রান। ইশান কিষাণ মাত্র ১৮ বলে ৩৯ রান করে আউট হলেও স্যামসন ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন। তিনি দ্রুত ফিফটি তুলে নেন এবং সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৪২ বলে ৮৯ রান করেন স্যামসন। তার ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কা।
Manual6 Ad Code
দলের রান বাড়াতে চার নম্বরে নেমে কার্যকর ইনিংস খেলেন শিবম দুবে। তিনি ২৫ বলে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি, ৬ বলে ১১ রান করে ফিরতে হয় তাকে।
Manual2 Ad Code
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ রান এবং তিলক ৭ বলে ২১ রান করে ভারতের স্কোর ২৫৩ রানে নিয়ে যান। অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল (২) ও বরুণ চক্রবর্তী (০)।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। একটি উইকেট পান জোফরা আর্চার।
২৫৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার ফিল সল্ট ৫ রান করে আউট হন। তার উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ক্যাচ নেন অক্ষর প্যাটেল। এরপর অধিনায়ক হ্যারি ব্রুক ৬ বলে ৭ রান করে ফিরে গেলে চাপে পড়ে দল।
পাওয়ার প্লের শেষ দিকে আরেকটি ধাক্কা আসে। জস বাটলার ১৭ বলে ২৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। তবে দ্রুত রান তোলার গতি ধরে রাখে ইংল্যান্ড। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান।
এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন জ্যাকব বেথেল। টম ব্যান্টন ও উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চালান তিনি। টম ব্যান্টন ৫ বলে ১৭ রান করে আউট হলেও বেথেল থামেননি। মাত্র ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি।
Manual1 Ad Code
পরবর্তীতে উইল জ্যাকস ২০ বলে ৩৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যদিকে স্যাম কারান করেন ১৪ বলে ১৮ রান।
ম্যাচের কেন্দ্রবিন্দু ছিলেন জ্যাকব বেথেল। তিনি মাত্র ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কা। বেথেলের ব্যাটিংয়ে শেষ ওভার পর্যন্ত জয়ের আশা ধরে রাখে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৭ রান দূরে থামতে হয় তাদের।
ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তীসহ আরও কয়েকজন বোলার।
শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে ম্যাচটি জিতে নেয় ভারত। ৭ রানের এই রোমাঞ্চকর জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে স্বাগতিকরা। এখন শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।