আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪,এইচআরএসএস

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪,এইচআরএসএস

Manual7 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত সংগঠনটির অর্ধবার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন, হামলা, হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে আহত হয়েছেন ২৩৪ জন সাংবাদিক, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকি পেয়েছেন ৪৯ জন এবং আটক হয়েছেন ১১ জন। তুলনামূলকভাবে ২০২৫ সালের একই সময়ে ১৫২টি ঘটনায় ২৫৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলেন, যাদের মধ্যে আহত ছিলেন ১১১ জন।
মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক পরিসরের সংকোচনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ছয় মাসে অন্তত ৪০টি সভা-সমাবেশ আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষ বাধার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১১ জন আহত এবং ৩৮ জন আটক হয়েছেন। আহত ও আটক ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ নাগরিকও রয়েছেন।
এদিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় ছয় মাসে ৩০টি পৃথক মামলায় ৮১ জনকে আসামি করা হয়েছে এবং ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে ১৫টি মামলায় ৩৩ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুতে দেওয়া বক্তব্য ও পোস্টকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি আইনি পদক্ষেপ, গ্রেপ্তার এবং মামলার মুখোমুখি হয়েছেন বলেও প্রতিবেদনে উঠে এসেছে।
দেশের ১৬টি জাতীয় দৈনিক, সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট-ফাইন্ডিং অনুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে এইচআরএসএস।
হেফাজতে মৃত্যু ও কারাগারে প্রাণহানি নিয়ে উদ্বেগ
প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলিবর্ষণ এবং কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ ধরনের ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে হেফাজতে ও নির্যাতনের শিকার হয়ে পাঁচজন, গুলিবিদ্ধ হয়ে দুজন এবং কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া এড়াতে গিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।
কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন দণ্ডপ্রাপ্ত কয়েদি এবং ৩২ জন হাজতি। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৪০।
প্রতিবেদনে বাগেরহাটের মোংলায় এক যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গত এপ্রিল মাসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।