২০২৬ বিশ্বকাপে দুই দলেরই শুরুটা হয়েছে জয় দিয়ে। সেই ধারা ধরে রাখার লক্ষ্যেই মুখোমুখি হচ্ছে জার্মানি ও আইভরি কোস্ট।
কানাডার টরন্টোতে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।
প্রথম ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধস্ত করে জয় পেয়েছিল জার্মানি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
১৯৭৯ সালের মে থেকে ১৯৮০ সালের জুন পর্যন্ত টানা ১২ ম্যাচ জয়ের পর, তাদের সবচেয়ে লম্বা জয়যাত্রা এটিই।
Manual8 Ad Code
জার্মানির হয়ে সবশেষ চারটি বড় টুর্নামেন্টের (২০২০ ইউরো, ২০২২ বিশ্বকাপ, ২০২৪ ইউরো, ২০২৬ বিশ্বকাপ) প্রতিটিতেই গোল করেছেন একমাত্র কাই হাভার্টজ।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে দুটিসহ এই সময়ে মোট আট গোল করেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড, যা দুই সতীর্থের (জামাল মুসিয়ালা ও নিকলাস ফুয়েলখুগ, দুজনেরই চারটি করে) করা গোলের দ্বিগুণ।
চলতি আসরে প্রথম ম্যাচে ৯০তম মিনিটের গোলে একুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় পায় আইভরি কোস্ট। বিশ্বকাপের এক আসরে কখনও একাধিক ম্যাচ জিততে পারেনি আফ্রিকার দলটি।
বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে জার্মানি তাদের আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে (৫ জয়, ২ ড্র)। ১৯৮২ সালে আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তখনকার পশ্চিম জার্মানি। যদিও সে বছর তারা ফাইনালে উঠেছিল এবং ইতালির বিপক্ষে হেরেছিল।
অন্যদিকে, আইভরি কোস্ট বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে চার ম্যাচের একটিতে জিতেছে (১ ড্র, ২ হার)। ২০০৬ সালে গ্রুপ পর্বে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে জিতেছিল তারা।
একটি জায়গায় জার্মানি ও আইভরি কোস্ট আছে সমান অবস্থানে। এটি হবে তাদের দ্বিতীয় সাক্ষাৎ, প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম। আগের একমাত্র দেখায় ২০০৯ সালের নভেম্বরে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। দুই দলের সামনে এবার এগিয়ে যাওয়ার হাতছানি।