আজ , ,

ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

editor
প্রকাশিত November 11, 2026, 01:57 AM
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

সারা দেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করা হয়েছে। একইসঙ্গে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির নেতারা। এতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে। তার অভিযোগ, দলটি ভারতের স্বার্থে কাজ করেছে এবং পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের সহিংসতা, ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, গুম-খুনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত।

আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী। ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ভোট ব্যাংকের হিসাব থেকে দলটি আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে।

Manual8 Ad Code

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তার অভিযোগ, জুলাই-আগস্টের পর ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে। তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। দিনের বেলায় ক্যাম্পাসে হামলার ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা তাকে সঠিক তথ্য দিতে পারছে না। সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

Manual6 Ad Code

সমাবেশে জাতীয় ছাত্র-শক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানান।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে তারা মনে করছেন। এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual7 Ad Code

সমাবেশ থেকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, হামলা এবং হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

 

Manual6 Ad Code