মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
Manual3 Ad Code
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
Manual2 Ad Code
দেশটির অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। অভিযানে নির্মাণ খাতের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো নানা অনিয়মও হাতেনাতে ধরা পড়েছে।
আটককৃত ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের এই অভিযানে আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের এই যৌথ অভিযানে বিভিন্ন সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে অনিয়মের দায়ে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে এবং পাঁচটি প্রতিষ্ঠানকে তলব নোটিশ জারি করেছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
Manual2 Ad Code
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালিয়ে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করেছিল কর্তৃপক্ষ।
তথ্য সুএঃ ইত্তেফাক