পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
editor
প্রকাশিত November 22, 2026, 02:09 AM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
Manual5 Ad Code
শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের এক আদেশে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা সদরের পরিদর্শক গোলাম মোস্তফাকে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এদিকে কয়েক দিনের সহিংসতা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Manual1 Ad Code
এদিন দুপুর থেকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় শুরু হওয়া এ সংঘাত বিকাল পর্যন্ত থেমে থেমে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়।
পরবর্তীতে উভয়দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
সেই ঘটনার জের ধরে এদিন সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন।
দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
Manual8 Ad Code
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক কর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সুএঃ বাংলানিউজ টোয়েন্টিফোর