আজ , ,

মুখপাত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদন; ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

editor
প্রকাশিত November 24, 2026, 05:40 PM
মুখপাত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদন; ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

গত দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র। তবে সরকার সবসময়ই বলে এসেছে, তিনি কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে পারবেন।

এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি হাসিনা সরকারকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করতে।

তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনটি সামনে আসার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘শেখ হাসিনাকে শুধুমাত্র কঠোর নজরদারির মধ্য দিয়ে হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে। মনের জ্বালায় পয়সা দিয়ে, হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে কিন্তু রিয়ালিটি আর ডিজায়ার দুই জিনিস।’

মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘একজন সন্ত্রাসীর কখনই ফেরার অনুমতি থাকে না, তিনি সাধারণ কোনো যাত্রী নন’।

Manual6 Ad Code

‘সন্ত্রাসী’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘টেরোরিস্ট তো একজনই, আওয়ামী টেরোরিজম। বাংলাদেশের মানুষ টেরোরিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেরোরিজম – স্পন্সরড বাই হাসিনা, আপা ফ্রম দিল্লি।’

Manual6 Ad Code

এদিকে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Manual3 Ad Code

তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হবে।

‘যেহেতু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে আছে, তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, ডিসেম্বর ঘিরে কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশ করতে চাইলে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায় একারণেই বিজিবির সতর্কতা,’ বলেন তিনি।