হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান
প্রায় আড়াই মাস পর গত সপ্তাহে ঢাকায় আসেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
Manual3 Ad Code
ঢাকায় আসার পর সপ্তাহের শেষ কর্মদিবসে (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে পাঁচ গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রদূত এবং হাইকমিশনারের তার সঙ্গে সাক্ষাৎ ঘিরে কূটনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। ওই দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি ই–মেইল পাঠানোকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে হঠাৎ দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এমন প্রেক্ষাপটের মধ্যে খলিলুর রহমানের পাঁচ গুরত্বপূর্ণ বিদেশি দূতের সঙ্গে বসার বিষয়টি কূটনৈতিক অঙ্গনসহ দেশের সচেতন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়। আলোচিত এসব সাক্ষাৎ নিয়ে যে যার মতো করে নানা যোগসূত্র খোঁজা কিংবা হিসাব-নিকাশ মেলানোর চেষ্টা করেছেন।
অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, খলিলুর রহমান একসঙ্গে দুটি দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন, আবার নিইউয়র্কে চলে যাবেন; সেজন্য গুরত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বসেছেন। চলমান এবং সামনে যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে চিন্তা-ভাবনা শেয়ার করার জন্য তাদের সঙ্গে বসেছেন। একদিনে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বসার কারণে হয়তো এ আলোচনার জন্ম দিয়েছে।
Manual8 Ad Code
Manual2 Ad Code
পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের তথ্য গণমাধ্যমে এসেছে। তবে তাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে খোলাশা করে কিছু জানায়নি দায়িত্বশীল কেউ।
রোববার (২২ নভেম্বর ) খলিলুর রহমানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। পৃথক দুই সাক্ষাতে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং জাতিসংঘ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
হঠাৎ দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক চলে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। সেখানে তিনি ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তার নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, খলিলুর রহমান আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরিবর্তন এনে একদিন আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকায় এসে তিনি কিছু গুরত্বপূর্ণ কাজ করেছেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে তারই প্রতিফলন দেখা যাবে। ঢাকা ছাড়ার আগে খলিলুর রহমান আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফিরেন সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখেন।
সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেয়। পরদিন শুক্রবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন খলিলুর রহমান। তিনি বলেন, আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খলিলুর রহমান চলে যাবেন। যাওয়ার আগে গুরত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে তাদের রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন। বর্তমান চলমান ইস্যু কী আছে এবং সামনে কী হতে পারে সেসব বিষয়ে চিন্তা-ভাবনা শেয়ার করেছেন হয়তো। ভারতীয় হাইকশিনার দেখা করার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর কিংবা শেখ হাসিনা ইস্যুও থাকতে পারে। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, তবে সহসা এ সফর হয়তো হবে না। সুএঃ ঢাকা পোস্ট