বছরের প্রথম দিনে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার রেওয়াজ থাকলেও এবারও যথাসময়ে তা সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
Manual2 Ad Code
প্রাথমিকের পাঠ্যবই সরবরাহ সম্ভব হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা সব পাঠ্যবই পায়নি। মূলত, টেন্ডার দেরিতে দেওয়ায় মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ পিছিয়ে পড়ে। এর জেরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায়নি।
রবিবার (১১ জানুয়ারি) এনসিটিবি জানায়, বর্তমানে দুই কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি পাঠ্যবই সরবরাহ হয়নি। শতাংশ হিসেবে সরবরাহ এখনও সম্পন্ন হয়নি ১৩ দশমিক ৬৩ শতাংশ।
Manual8 Ad Code
আগামী ১৫ জানুয়ারির মধ্যে বই সরবরাহ সম্পন্ন হবে বলে দাবি করছে এনসিটিবি। যদিও এর আগে বই সরবরাহের তারিখ ঘোষণা করলেও তাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।
পাঠ্যবই সরবরাহের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বাংলা ট্রিবিউনকে বলেন, “গত ১০ জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী মাধ্যমিকের (ইবতেদায়িসহ) ১৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৬৫টি পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হবে।”
Manual5 Ad Code
গত ৪ জানুয়ারি এনসিটিবি ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতির তথ্য দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়েছিল, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে।
Manual1 Ad Code
প্রসঙ্গত, সব শিক্ষার্থীদের নিকট পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পৌঁছে দেওয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সব স্তরের সকল বইয়ের অনলাইন সংস্করণ গত বছরের ২৮ ডিসেম্বর আপলোড করা হয়।