ভোটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আশঙ্কাজনক কোনো ‘পরিস্থিতি নেই’: ইসি সচিব
ভোটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আশঙ্কাজনক কোনো ‘পরিস্থিতি নেই’: ইসি সচিব
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণে আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, “কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনের ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক কোন পরিস্থিতি নেই।”
বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো কেন্দ্রের ভোট স্থগিত হয়নি বলে জানিয়েছেন তিনি।
Manual3 Ad Code
আখতার আহমেদ বলেন, ‘সবকটা কেন্দ্রেই ভোট চালু আছে’।
নির্বাচনে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হয়েছে জানিয়ে সচিব আখতার আহমেদ বলেন, “মূলত কেন্দ্রের বাইরে এগুলো হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি।”
Manual6 Ad Code
কুমিল্লা-১৪ আসনের একটি কেন্দ্রে নারীদের একজনের ভোট আরেকজনকে দেওয়ার এবং ১০ জনের একসঙ্গে ভোট দেওয়ার ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আখতার আহমেদ বলেন, “আমাকে জানান আমি এখনি ব্যবস্থা নিব।…প্রেস সেকশনকে দেন, আমি ব্যবস্থা নেব। এটা যদি হয়ে থাকে নিন্দনীয়। আমরা ইন্টারসেপ করব।”
সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ভোটের প্রথম ব্রিফিং নিয়ে ইসি সচিব বলেন, “এবার এই ইনফরমেশনের ডাটা কালেকশনের মেথডটা আমরা চেঞ্জ করেছি। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে।
“কেননা আমরা অতীতে দেখেছি, প্রিজাইডিং অফিসারদের থেকে এই ডাটাটা ইম্পোর্ট করতে গেলে সমস্যা হত। মূলত তারাই আসলে ভোটারদের ভোটের প্রবাহটাকে সামাল দেন। এতে অসুবিধা হত। সেজন্য আমরা পদ্ধতিগত পরিবর্তন করেছি। আমরা আবারো আরেকটা আপডেট দেব।”
ভোটের তথ্য আনার পদ্ধতিতে কী পরিবর্তন আনা হয়েছে-সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “এখন এটা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য আনা হচ্ছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
সচিব আখতার আহমেদ বলেন, “এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।”
Manual6 Ad Code
এর আগে ইসি জানিয়েছিল, ভোট শুরু হওয়ার পর প্রতি দুই ঘণ্টা পরপর মোট ভোটগ্রহণের তথ্য সাংবাদিকদের জানাবেন।
এ ভোট গ্রহণে ইসি সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, “সন্তুষ্ট কি না এটার তো জবাব আপনারা দেবেন মাননীয় ভোটারদেরকে নিয়ে, তারা সন্তুষ্ট কি না? আমরা তো চাইবোই যে টার্ন আউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কি না বা আপনারা সন্তুষ্ট কিনা।”
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনিয়র সচিব বলেন, “আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলা ভোট কেন্দ্র আছে ৪২ হাজার ৫৬৫১টির সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে এবং স্তস্ফুর্ততা আপনারা দেখেছেন। সতস্ফুর্ততার জন্য আমি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
যারা এখনো ভোট দেননি তারা ভোট দিয়ে ইসির প্রচেষ্টাকে ‘সাফল্যমণ্ডিত’ করবেন বলে আশা প্রকাশ করেন সিনিয়র সচিব।
একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মারা গেছেন বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার ভোরবেলা ইন্তেকাল করেছেন। তিনি ময়মনসিংহ-১ আসনের একটা কেন্দ্রের দায়িত্বে ছিলেন, কিন্তু ওনার রিপ্লেসমেন্টও দেওয়া হয়েছে।”
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।