ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ হতে পারে। এরপর তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।
Manual8 Ad Code
জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আগামী ১৬ ফ্রেব্রুয়ারি শপথবাক্য পাঠ করাতে পারেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করেছিলেন।
Manual3 Ad Code
তবে,তখন আইন উপদেষ্টা বলেছিলেন, আমাদের আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। আরও একটি বিধান রয়েছে- তিন দিনের মধ্যে যদি এই শপথ না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার অথবা তার মনোনীত ব্যক্তি এমপিদের শপথ পড়াবেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করলে, প্রধান নির্বাচন কমিশনার এর পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই এর জন্য নির্দিষ্ট ব্যক্তি।
Manual2 Ad Code
সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, তারা আগামী রবিবার থেকে মঙ্গলবার যে কোনোদিন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রেখেছেন। তবে যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে তাই সংবিধান অনুযায়ী গেজেটের তিন দিন পর সিইসি এমপিদের শপথ পড়াবেন।