‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যে উদ্যোগ নিচ্ছে, তা অব্যাহত রাখার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশের পরিবর্তনের সঙ্গে খাপখাইয়ে নিতে ভারতের দিক থেকে যে ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে, বাস্তবে সেটির প্রতিফলন দেখতে চাওয়ার কথাও বলেছেন তিনি।
সোমবার (১লা জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুশ ইন নিয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ওনাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে, নতুন সরকার আসার পরে যতবার ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে, পুশ ইন তারা করবে না এবং অন্যান্য যেসব জটিলতা তাদের সাথে আমাদের হচ্ছে, ভিসাসহ অন্যান্য ব্যাপারে, তারা ইতিবাচকদের সাড়া দিয়েছে।
“তো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা আশা করব যে ভারত সরকার এ ব্যাপারে পজিটিভ ভূমিকা রাখবে এবং যেই প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে, তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কী রকম হবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয়, সেটা আমরা আশা করব।”
শামা ওবায়েদ বলেন, “এবং যদি সেটা ইতিবাচক না হয়, সেটাতো অবশ্যই তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোমেটিক পর্যায়ে কথা বলব, কথা বলে সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই এটা আমরা মেনে নিব না যে, পুশ ইন করবে।”
Manual5 Ad Code
আগামী সপ্তাহে দিল্লিতে বিজিবি ও বিএসএফের বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা এবং পুশ ইনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, দিল্লিতে বৈঠক হওয়ার কথা আছে অফিশিয়ালি। সেটা আলোচিত হবে এবং সেটা একটা সমাধানের দিকে যাবে।
“আমরা আশা করি যে, বিজিবি খুবই শক্ত অবস্থানে থাকবে। বাংলাদেশের সরকারের অবস্থান ওনারা তুলে ধরবেন এবং এটি একটি সমাধানের দিকে যাবে এবং সীমান্তে আমাদের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে।”
Manual3 Ad Code
সম্প্রতি পুশ ইন ঠেকাতে বিজিবির উদ্যোগের কথা তুলে ধরে আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, পুশ ইনের প্রচেষ্টা ঠেকাতে তিন-চার স্থানে ‘বিজিবি খুব শক্ত ভূমিকার’ কথা শুনেছেন তিনি। এবং তারা সেটা প্রতিহত করেছে।
“এবং এটাই কন্টিনিউ করবে। যতবার এটার চেষ্টা করা হবে, ততবার বিজেপি প্রতিহত করবে এবং আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব এবং (প্রতিহত) করব।”
Manual8 Ad Code
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেছেন, ‘অবৈধ নাগরিক’ হিসাবে ২ হাজার ৬৮০ জনের তালিকা বাংলাদেশের কাছে ‘ভেরিফিকেশনের’ জন্য দিয়েছে ভারত সরকার। প্রায় পাঁচ বছর ধরে ‘ভেরিফিকেশন’ প্রক্রিয়া ঝুলে আসছে বাংলাদেশ সরকারের তরফে।
এ প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “আমাদের কাছে কোনো তালিকার বিষয়ে এই মুহূর্তে আমার জানা নেই। তবে যদি তালিকা থাকে নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তর সেটা দেখছে।
“কিন্তু তালিকা থাকলেতো সেটা আমরা অবশ্যই যাচাই-বাছাই করব এবং সে তালিকা বিজিবির হাতেও থাকার কথা, তাই না? যেহেতু ওনারা বর্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। সুতরাং, সে তালিকা যদি থেকে থাকে তাহলে তালিকা ওনারা যাচাই-বাছাই করবেন।”
Manual3 Ad Code
বাংলাদেশের দিকে পুশ ইন বন্ধ করতে ভারত সরকারকে সম্প্রতি চিঠি দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতো আমরা দিয়েছি, এখানে তো উত্তর হল, বন্ধ করা। উত্তর হল বন্ধ করা।”
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ ত্বরান্বিত করা হয়েছে।
কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে অস্থিরতার শঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “আমি একটু আগেই বলেছি যে, আগামী সপ্তাহে বিজিবি-বিএসএফ এর বৈঠক আছে, ওখানে এগুলো আলোচনা হবে।
“বিজিবির সাথে বিএসএফের যে এগ্রিমেন্ট, বাংলাদেশের সাথে ভারতের যে এগ্রিমেন্ট বর্ডার রিলেটেড এই এগ্রিমেন্ট বিচ্যুত হয় এমন কোনো কাজ করবেন না বলে আমরা আশা করি।”