কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার
কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার
editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার।
Manual6 Ad Code
বুধবার (৩ জুন) বিকেলে বেঙ্গালুরুর লোক ভবনের গ্লাস হাউসে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
কণকপুরা আসন থেকে টানা আটবার নির্বাচিত বিধায়ক শিবকুমার শনিবার (৩০ মে) কংগ্রেসের বিধানসভা দল ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে কর্ণাটকে দলীয় নেতা নির্বাচিত হন। এরপরই তাঁর মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়।
Manual2 Ad Code
রাজ্য রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা ২০২০ সালে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব পান। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়ের পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দলীয় নেতারা মনে করেন।
Manual5 Ad Code
মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি বুধবার আরও ১২ জন নেতা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাদের মধ্যে রয়েছেন কে এইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ, এম বি পাতিল, সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খাড়গে, কৃষ্ণ বাইরে গৌড়া, রামলিঙ্গা রেড্ডি, ইউ টি খাদের, ঈশ্বর খন্দ্রে, বাইরাথি সুরেশ, ড. শরণ প্রকাশ পাতিল এবং ইয়াথীন্দ্র সিদ্দারামাইয়া।
এর আগে ২৮ মে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদত্যাগ করেন। তিনি জানান, কংগ্রেস হাইকমান্ডের অনুরোধেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যাতে ডি কে শিবকুমারকে নেতৃত্বের সুযোগ দেওয়া যায়।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, শিবকুমার দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এবং তিনি আগের সরকারের নীতিগুলো এগিয়ে নিয়ে যাবেন।
সিদ্দারামাইয়ার ছেলে ইয়াথীন্দ্র সিদ্দারামাইয়ার নামও উপমুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচিত হয়েছিল। তবে তিনি পরে জানান, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়াই তার জন্য বড় দায়িত্ব এবং দল যে দায়িত্ব দেবে, সেটিই তিনি পালন করবেন।
Manual5 Ad Code
শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালসহ দলের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বহু নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে ডি কে শিবকুমার বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ নেন।