আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন মাহবুব মোরশেদ নিজেই।

রায়ে আপিল বিভাগ বলেন, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে, সরকারি চাকরিতে ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাওয়ার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯ বছর চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে চাকরির ১৯ বছরের ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক চেয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

Manual8 Ad Code

এর পর একই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় আইন মন্ত্রণালয়কে জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য থাকে না। পাশাপাশি ২৫ বছর চাকরি পূর্ণ না হওয়ায় ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইন অনুযায়ী তিনি পেনশনের যোগ্য নন।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট চিঠিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে এবং চাকরির মেয়াদ অনুযায়ী পেনশন ও অন্যান্য বকেয়া সুবিধা ৯০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন।

Manual8 Ad Code

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করেন এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। পরবর্তী শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। সুএ:ইত্তেফাক

Manual3 Ad Code