আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত স্থান পরিদর্শন

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত স্থান পরিদর্শন

Manual6 Ad Code

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

Manual3 Ad Code

তিনি বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার ( ৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত কাঠামো

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে সরকার শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।