আজ , ,

বাড়িতে বোমা নিক্ষেপ, রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত

editor
প্রকাশিত November 13, 2026, 01:18 AM
বাড়িতে বোমা নিক্ষেপ, রাজনৈতিক নাশকতা মনে করছেন এমপি নুসরাত

Manual1 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে ৭ টি পুড়ে গেছে এবং অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন এই সংসদ সদস্য।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি। ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। এ ছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।’

খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন বলেন, খামারে নয়টি বড় গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন ওই ভবনে ছড়ায়নি।

Manual2 Ad Code

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আমাা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার রাত ১টা ২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

Manual8 Ad Code

পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগা ঘরটি গরু রাখার ঘর। প্রতিবেশীরাই আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ঘরে থাকা জীবিত গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

Manual4 Ad Code

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Manual2 Ad Code