হবিগঞ্জের মাধবপুর উপজেলার ০৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া-কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। তাঁদের মধ্যে জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বাংলাদেশ ডাক বিভাগের পার্সেল পরিবহনের কাজে ব্যবহৃত কভার্ড ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার পথে নোয়াপাড়া-কাউছারনগর এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।