টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
Manual3 Ad Code
এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্টোল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভবনটির দুইটি দরজা ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় বাসাইল থানায় জিডি করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরণের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় জিডি করা হয়েছে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, গ্রামীণ ব্যাংকের সামনের গেইটে বোতল দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কর্তৃপক্ষ জিডি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।