আজ , ,

গোপালগঞ্জে অবরোধ-ভাঙচুর : সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

editor
প্রকাশিত November 19, 2026, 01:39 AM
গোপালগঞ্জে অবরোধ-ভাঙচুর : সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিরাপত্তাঝুঁকির কারণে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং ইট-পাটকেল নিক্ষেপের খবর ছড়িয়ে পড়ার পর চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে দুপুরের পর পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে পরিস্থিতি অবনতির খবর পাওয়ার পর ওই রুটে আর কোনো বাস ছাড়েনি।

রাতে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলোতে স্বাভাবিক সময়ের মতো যাত্রীদের ভিড় নেই। সোহাগ, গ্রিন লাইন ও টুঙ্গিপাড়াসহ কয়েকটি পরিবহনের ঢাকাগামী বাসের যাত্রা বাতিল করা হয়েছে। আগে টিকিট কাটা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ম্যানেজার স্বাধীন বলেন, সকালের দিকে আমাদের কিছু গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল। কিন্তু গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুপুর থেকে আর কোনো গাড়ি ওই রুটে পাঠানো হয়নি। বৃহস্পতিবার কর্মসূচি থাকায় কোনো বাসই ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।

এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার জহির রায়হান বলেন, নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সব ধরনের পরিবহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার বিকল্প পথে ফেরিঘাট হয়ে কিছু গাড়ি ঢাকায় যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাসই ছাড়বে না।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চালক, শ্রমিক ও মালিকরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

এদিকে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। প্রোকন কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমান বলেন, বৃহস্পতিবার ঢাকায় আমাদের প্রধান কার্যালয়ে জরুরি মিটিং রয়েছে। বুধবার বিকেলে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়ে কাউন্টারে এসে দেখি কোনো গাড়িই ঢাকায় যাচ্ছে না। এখন কীভাবে ঢাকায় পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, জরুরি কাজে আজই ঢাকায় পৌঁছানো দরকার ছিল। কাউন্টারে এসে শুনলাম পদ্মা সেতু হয়ে কোনো গাড়ি যাবে না। এখন ফেরিঘাট দিয়ে যেতে হলে দ্বিগুণ সময় লাগবে। আবার পথে কী পরিস্থিতি হয়, তা নিয়েও ভয় আছে।

Manual1 Ad Code

তবে যাত্রীদের জরুরি প্রয়োজন বিবেচনায় সাতক্ষীরা থেকে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে সীমিত পরিসরে কিছু বাস চলাচল করছে। এতে সরাসরি পদ্মা সেতু রুটের তুলনায় যাত্রীদের অতিরিক্ত সময় ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরিবহন শ্রমিক ও চালকদের ভাষ্য, একটি দূরপাল্লার বাস ভাঙচুর বা অগ্নিসংযোগের শিকার হলে মালিকপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি চালক ও সহকারীদের জীবনও ঝুঁকিতে পড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে গাড়ি চালাতে তারা অনিচ্ছুক।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এতে আগামী দিনগুলোতেও ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code