নীলফামারীর জলঢাকায় ভেকু দিয়ে বুড়িতিস্তা নদীর চর কেটে বালু ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্হানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। উপজেলার নেকবক্ত এলাকায় দিন-রাত সমানতালে চর কেটে ২০ থেকে ৩০টি ট্রলির মাধ্যমে এসব বালু-মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্হানীয়দের।
এতে নদীরক্ষা বাঁধ ও আশপাশের কৃর্ষিজমি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ,কৃষিজমি ফসল চাষের উপযোগী করার কথা বলে মাটি কাটার অনুমতি নেওয়া হলেও বাস্তবে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। এতে নদীর চর ও আশপাশের জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধও ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারী ট্রলি চলাচলে বাঁধের সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ধারা অনুযায়ী, নির্ধারিত বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের চিহ্নিত বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো সংলগ্ন এলাকা থেকে বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাঁটা অপরাধ। ফলে কৃষিজমি উন্নয়নের অনুমতি থাকলেই নদীর চর থেকে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন ও বিক্রির বৈধতা নেই।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান বলেন,তারা নিয়ম বহির্ভূত ভাবে কাজ করায় বন্ধ করে দেওয়া হয়েছে।
জানতে চাইলে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, আমরা বন্ধ করে দিয়েছি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজা আহম্মেদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।