ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব, বিআরটিএকে যুক্ত করার আহ্বান
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব, বিআরটিএকে যুক্ত করার আহ্বান
editor
প্রকাশিত November 11, 2026, 05:56 PM
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিদ্যমান ই-রিকশার কাঠামো পরিবর্তনে দুই বছর সময় দেওয়া, চালকদের লাইসেন্সের ব্যবস্থা, নিবন্ধন ফি কমানো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিধিমালার সঙ্গে যুক্ত করাসহ নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা।
Manual4 Ad Code
সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে। এসব যানবাহন একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। অথচ গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেফতার ও হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এর ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবগুলো হচ্ছে
বিদ্যমান ই-রিকশার কাঠামো বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় রূপান্তরে কমপক্ষে দুই বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।
নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনতে হবে।
চালকদের লাইসেন্স দেওয়ার বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং লার্নার ও লাইসেন্সের ফরম সংযোজন করতে হবে।
নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
ই-রিকশার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।
মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন কোন সড়কে চলাচল করতে পারবে, তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে।
Manual5 Ad Code
চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করা যাবে না, বিমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।
লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা তৈরি না হয়।
সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে, তা স্পষ্ট করতে হবে।
Manual2 Ad Code
এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।