২০২৫ সালের ৫ ডিসেম্বর বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই জমে উঠেছে টুর্নামেন্ট ঘিরে আলোচনা। বাংলাদেশের ফুটবল সমর্থকদের সবচেয়ে বেশি নজর থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার ওপর। বিশ্বকাপে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ মানেই বাড়তি উত্তেজনা, সমর্থকদের কথার লড়াই এবং উৎসবের আমেজ। এবারের আসরে সেই রোমাঞ্চকর দ্বৈরথের সম্ভাবনা উঁকি দিচ্ছে।
Manual3 Ad Code
ফিফা যখন গত বছরের ডিসেম্বরে সূচি ঘোষণা করে, তখনই ধারণা পাওয়া যায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠলেই একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তখন হিসাব করে বের করা হয়। লাতিন আমেরিকার দল দুটি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদি শেষ বত্রিশ থেকে লাগাতার ম্যাচ জিততে পারে, তাহলে দল দুটি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা সেমি।
মায়ামিতে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে। ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান শেষ বত্রিশের ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি। পরশু ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। তবে আলজেরিয়া, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতে আলবিসেলেস্তেরা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।
শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের। শেষ বত্রিশের বাধা টপকাতে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। শেষবারের মতো বিশ্বকাপে খেলতে নামা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো মুখোমুখি হতে পারেন শেষ আটেই।
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের পথ মোটেও সহজ নয়। প্রথমে শেষ বত্রিশে জাপানকে হারাতে হবে। এরপর শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষা করতে পারে ইংল্যান্ড। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজেদের প্রথম তিনটি নকআউট ম্যাচে জয় পায়, তাহলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত মহারণ।
Manual5 Ad Code
ফুটবল বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, যারা জিতেছে দুটি ম্যাচ। আর্জেন্টিনার জয় একটি, আর একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।